দুটি ম্যাচ জিতেছি, ভালো ক্রিকেট খেলেছি: শান্ত

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১১:৫০ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই শেষ চারের টিকেট পেত টাইগাররা। কিন্তু সেটা না পারলেও খুব বেশি অতৃপ্তি নেই দলের মধ্যে। বরং অস্ট্রেলিয়া থেকে দুটি ম্যাচ জিতে ফেরাকেই বড় করে দেখছেন ক্রিকেটাররা।

বিশ্বকাপ মিশন শেষ করে গত রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে ফিফটি করা নাজমুল হোসেন শান্ত।

এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘যদি আমরা আগের বিশ্বকাপগুলো দেখি, ফল অনুযায়ী ভালো করেছি। সব থেকে ভালো যে দিকটা ছিল আমরা দুটো ম্যাচ জিতেছি, আমরা ভালো ক্রিকেট খেলেছি।’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানও বিশ্বকাপে দুই ম্যাচ জয়কে বড় প্রাপ্তি বলেছিলেন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ কখনো একের অধিনায়ক ম্যাচ জিততে পারেনি। মূল পর্বে সর্বসাকুল্যে একটি ম্যাচ জয় ছিল। সেটাও ২০০৭ সালের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এবার নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। এরপর ভারতের বিপক্ষে উপহার দেয় দারুণ এক ম্যাচ। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অবশ্য নিজেদের মেলে ধরতে পারেনি সেভাবে।

শান্ত বলেন, ‘ওগুলোতে (যে ম্যাচগুলোতে জয়) আমরা দল হিসেবে ভালো খেলেছি। যেগুলো জিততে পারিনি, ওগুলো দল হিসেবে জিততে পারিনি।’

সেমিফাইনালে খেলার হাতছানি থাকলেও সেটা পূরণ না হওয়ায় শান্তর মনে তেমন আক্ষেপ নেই। বরং এবারের অভিজ্ঞতা তিনি কাজে লাগাতে চান সামনে, ‘আমার মনে হয় না বিশ্বকাপ শুরুর আগে কেউ এ রকমভাবে চিন্তা করেছে, সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু আমরা চিন্তা করেছি যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। খুব ভালো একটা সুযোগ ছিল। ওটা আমরা নিতে পারিনি। কিন্তু এই আত্মবিশ্বাসটা, আমরা সামনে যখন বিশ্বকাপ খেলব, ওই বিশ্বাসটা থাকবে যে এ রকম পরিস্থিতিতে কীভাবে আরও ভালো করতে পারি। যদি ওভাবে অনুশীলন করি, সামনের বিশ্বকাপে আরও ভালো ফল করা সম্ভব।’

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত