ইসরায়েল ও জর্ডানের মধ্যে ‘পানির বিনিময়ে বিদ্যুৎ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার মিশরের উপকূলীয় শহর শার্ম আল শেখে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ও ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুযায়ী, জর্ডান থেকে প্রতি বছর ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে ইসরায়েলে; তার পরিবর্তে প্রতি বছর ২০ কোটি ঘনমিটার সুপেয় পানি পাবে জর্ডান। ইসরায়েলে প্রতি বছর যে বিদ্যুৎ পাঠাবে জর্ডান, তার পুরোটাই হবে সৌরবিদ্যুৎ। সূর্যের আলো ও তাপকে ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ যাবে ইসরায়েলে। অন্যদিকে একসময় পানির অভাবে ভোগা ইসরায়েল বর্তমানে পান ও দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য পানি উৎপাদনে ব্যাপক উন্নতি করেছে। দেশটিতে বার্ষিক পানির চাহিদা ২০০ কোটি ঘনমিটার। এ পানির অর্ধেক ভূগর্ভস্থ ও ভূমির উপরিভাগের বিভিন্ন জলাশয় থেকে সংগ্রহ করা হয়, বাকি ৫০ শতাংশ জোগাড় করা হয় সমুদ্রের পানি লবণমুক্তকরণ ও ব্যবহৃত পানি পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে।
×
