নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আজ অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালে। ইংলিশদের হারাতে পারলেই রবিবার মেলবোর্নে টুর্নামেন্টের ফাইনালে হবে মহারণ। মুখোমুখি হবে এশিয়ার দুই প্রতিবেশী। বলা ভালো দুই চিরপ্রতিদ্বন্দ্বি। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের মহারণ দেখার অপেক্ষায় যেন আর তর সইছে না।
টুইটারে এক ভিডিও বার্তায় শোয়েব বলেছেন, ‘ভারতকে বলছি, আমরা মেলবোর্ন পৌঁছে গেছি। আমরা আপনাদের অপেক্ষায় আছি। আপনারাও চলে আসুন। কাল ইংল্যান্ডকে হারিয়ে আপনারাও মেলবোর্নের টিকিট কাটুন। মেলবোর্নেই ১৯৯২ সালে আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম। সেটা ’৯২ সাল ছিল এখন ২০২২, এটুকুই কেবল পার্থক্য। আমি চাই ভারত–পাকিস্তান ফাইনাল হোক। আর অন্তত একটি ম্যাচ হোক দুই দলের। গোটা পৃথিবী এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর যে শোয়েব পাকিস্তানের বিদায় নিশ্চিত বলেছিলেন, তিনিই এখন ধন্যবাদ ও শুভেচ্ছাবার্তা নিয়ে হাজির হয়েছেন।
ক্রিকেট দল ও দলের সমর্থকদেরও ধন্যবাদ দিয়েছেন শোয়েব। তিনি যোগ করে বলেছেন, ‘শাবাশ পাকিস্তান, শাবাশ। পাকিস্তানি জনগণকে সবচেয়ে বেশি ধন্যবাদ। তারাই প্রার্থনা করে পাকিস্তান দলকে এখানে পৌঁছে দিয়েছে। এখন আমার বিশ্বাস, পাকিস্তানকে কেউ ভাঙতে পারবে না। এর দলের দিকে তাকান। তাদের ঘুরে দাঁড়ানোর অভ্যাস আছে। দলকে ধন্যবাদ। তোমরা লড়াই করে ফাইনালে পৌঁছে গেছ। বোলাররা দারুণ করেছে। ব্যাটসম্যানরাও দারুণ করেছে। নিউজিল্যান্ডের আগে বল করা দরকার ছিল। তাদের হিসাবে ভুল হয়েছে। শুরুতে আমার বিশ্বাস হয়নি। ভেবেছিলাম প্রথম রাউন্ড থেকেই বেরিয়ে যাবে। তবে এত মানুষের প্রার্থনায় সম্ভব হয়েছে। পাকিস্তানের জন্য কোনো কিছুই অসম্ভব না। এটাই এখন আমি বিশ্বাস করি।’
অন্য এক টুইটে শোয়েব স্মরণ করেছেন পাকিস্তান দলের সঙ্গে যুক্ত থাকা কোচদের। লিখেছেন, ‘সাকলায়েন মুশতাক, মোহাম্মদ ইউসুফ, শন টেইট এবং ম্যাথু হেইডেনের অবদান এড়ানো যাবে না। বিশেষ করে হেইডেন। এ দলের জন্য সে দারুণ কাজ করেছে। কী নিবেদন এবং ভালোবাসা!’
