লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১০:১৯ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তমিজ উদ্দিন (১৭) নামে এক তরুণকে অপর দুই তরুণ রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে বিপ্লব (১৬), হিরণ মিয়ার ছেলে রিয়াদ (১৬) ও মোফাজ্জল মিয়ার ছেলে তমিজ উদ্দিন (১৭) সোমবার সন্ধ্যায় স্থানীয় খুরশিদ মহল ভাটিপাড়া জামে মসজিদের পাশে বসে লুডু খেলছিলেন।

একপর্যায়ে খেলা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ও মতান্তর হয়। এর জের ধরে বিপ্লব ও রিয়াদ লোহার রড দিয়ে তমিজ উদ্দিনকে আঘাত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তমিজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় তমিজ উদ্দিনের মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, তমিজ উদ্দিনের অল্প দিনের মধ্যেই ব্রুনাই চলে যাওয়ার কথা ছিল।

ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মাহবুব বলেন, এলাকাবাসীর কাছে বিষয়টি জানতে পেরেছি। চিকিৎসারত অবস্থায় তমিজ উদ্দিনের মৃত্যু হয়েছে।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ঘটনার সময় বা পরে আমাদের কেউ কিছু জানায়নি। কিন্তু চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার খবর পেয়ে খোঁজ নিতে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত