টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অ্যালান ডোনাল্ডের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার আসছে ভারত সিরিজেও কাজ করবেন টাইগারদের সঙ্গে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ক্রিকেভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
‘ভারতের বিপক্ষে হোম সিরিজে অ্যালান ডোনাল্ডকে পাওয়া যাবে। তার সঙ্গে চুক্তি একটি অভ্যন্তরিন বিষয়, তবে ভারত সিরিজের সময় তিনি থাকবেন।’- বলেন বিসিবির প্রধান নির্বাহী।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুরে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ১৪ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২ ডিসেম্বর থেকে, ভেন্যু- মিরপুর।
ক্রিকবাজ তাদের প্রতিবেদনে লিখেছে, বিসিবির পরবর্তী বোর্ড মিটিংয়ে বিদেশি কোচিং স্টাফদের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। তার সঙ্গেও চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্তই। তবে শ্রীরামের পারফরম্যান্সে খুশি বিসিবি। তাই তাকে রেখে দেওয়া হবে এমন গুঞ্জন রয়েছে।
বিশ্বকাপের আগে রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন তিনি ওয়ানডে ও টেস্ট দলের কোচ। ভারত সিরিজ সামনে রেখে ১৪ নভেম্বর তার ঢাকায় ফেরার কথা।
