একটি প্রতিষ্ঠানের লাইভ শো শেষ করে সোয়া ১২টার পর বাসায় ফেরেন মিম। ফিরেই চমকে যান। যদিও এর আগে বাসায় ফিরতে ফিরতে গাড়িতেই চমক দেন তার বাবা। গাড়িতেই মেয়ের জন্মদিনের বিশেষ উইশটি করেন তিনি।
আর বাসায় ফিরে মিম দেখলেন, তার ড্রয়িংরুমের টেবিলে ১৫টি জন্মদিনের কেক সাজানো।
আজ বিদ্যা সিনহা মিমের জন্মদিন। দিনটিতে কাছের মানুষের শুভ কামনায় ভাসছেন তিনি। ভাসছেন আনন্দে, আবেগে। গতকাল রাত করে বাসায় ফেরায় মিম ভেবেই নিয়েছিলেন হয়তো রাতে কোনো আয়োজন থাকবে না। কে আর আসবে! আজ সকালে আবার একটা অনুষ্ঠানের জন্য চট্টগ্রামের ফ্লাইট। তাই বাসায় গিয়েই ঘুমিয়ে পড়বেন। কিন্তু ঘটল ভাবনার উল্টো।
বাসায় ফিরে মিম দেখলেন বাসাভর্তি মানুষ। প্রিয় মানুষদের আনা ১৫টি কেক কাটার অপেক্ষায়। সব কিছু দেখে মিম আবেগাপ্লুত, অবাক।
মিম বলেন, 'গতকাল একটি লাইভে শেষ করে রাত ১২টা ২০ মিনিটের পর বাসায় ফিরি। ভেবেছিলাম বাবা-মা ঘুমিয়ে পড়েছেন। কিন্তু বাসায় প্রবেশ ঢুকেই দেখি আমার সব প্রিয় মানুষগুলো একসঙ্গে অপেক্ষা করছেন আমার জন্য। টেবিলে সাজানো ১৫টা কেক।'
