নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে ফতুল্লার বক্তাবলীর আকবরনগর ও প্রতাবনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, একটি হত্যা মামলার জের ধরে বক্তাবলীর আকবরনগর এলাকার সামেদ আলী বাহিনী গত মঙ্গলবার চর বক্তাবলীর জাকিরের বাড়িতে হামলা চালায়। পরে প্রতাবনগরের মোতালিব বাহিনীর নেতৃত্বে সামেদ আলী বাহিনীর বিরোধীদের নিয়ে একজোট হয়ে বুধবার বিকেলে আকবরনগরে গিয়ে সংঘর্ষে জড়ায়। তারই জের ধরে গতকাল সকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আকবরনগর ও প্রতাবনগর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ টেঁটা-বল্লম যুদ্ধের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ৫ থেকে ৬ জন টেঁটাবিদ্ধসহ প্রায় ১২ জন গুরুতর আহত হয়। গ্রেপ্তার এড়াতে আহতদের নারায়ণগঞ্জে না এনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।’
