দুই শর্তে জামিন পেলেন নর্থ সাউথের দুই ট্রাস্টি

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০২:২২ এএম

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নামে জমি কিনতে অতিরিক্ত টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম ও রেহানা রহমানকে জামিন দিয়েছে হাইকোর্ট। জামিন প্রশ্নে দেওয়া রুল গতকাল বৃহস্পতিবার যথাযথ ঘোষণা করে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ শর্তসাপেক্ষে দুজনকে জামিনের আদেশ দেয়।

গত ২ আগস্ট এম এ কাশেম ও রেহানা রহমানকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। রুলের শুনানিতে আসামিপক্ষে ছিলেন জেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও সাঈদ আহমেদ রাজা।  দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা দেশ রূপান্তরকে বলেন, ‘জামিনে থাকার সময় দুজন বিদেশে যেতে পারবেন না এবং বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে যাবেন না এ দুই শর্তে জামিন দিয়েছেনহাইকোর্ট।’

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কিনতে অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ^বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পাঁচ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালীকে আসামি করা হয়।

এজাহার অনুযায়ী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন/ সম্মতির মাধ্যমে ক্যাম্পাসের উন্নয়নের নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমির দাম ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় গত ২২ মে হাইকোর্টের একটি বেঞ্চে আগাম জামিন নিতে আসেন এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান। শুনানি শেষে তাদের শাহবাগ পুলিশে সোপর্দ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত