শাকিব খানের শ্যুটিং বাড়িতে দুর্বৃত্তের হানা

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০১:২২ এএম

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের গাজীপুরের পুবাইলের বিলাসবহুল শ্যুটিং বাড়ি ‘জান্নাত’-এ হানা দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বাড়িটির তত্ত্বাবধায়ক সম্রাট বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত দেড়টার দিকে হঠাৎ করে কয়েক দুর্বৃত্ত রিসোর্টের বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গেলে দুর্বৃত্তরা বাউন্ডারি ওয়াল টপকে বের হয়ে যায়। রাতেই পুবাইল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গাজীপুর মেট্রেপলিটন পুবাইল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হয়, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। তারা একটি জেনারেটরের অংশবিশেষ নেওয়ার চেষ্টা করেছিল। তবে কোনো কিছু খোয়া যায়নি।

তত্ত্বাবধায়ক সম্রাট জানান, তিনি ও ফিরোজ নামে একজন মিলে এ বাড়ির দেখাশোনা করেন। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাদের ঘুম থেকে ডেকে তোলেন। জেগে উঠে দেখতে পান কয়েক দুর্বৃত্ত দেওয়াল টপকে পালিয়ে যাচ্ছে। দুর্বৃত্তরা তাদের বাড়ির একটি বিকল জেনারেটর চুরি করে নেওার চেষ্টা করেছিল। স্থানীয়রা বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা জেনারেটরের একটি অংশ আম গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেই পালিয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, বাড়িটির একপাশে বাউন্ডারি নির্মাণকাজ চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ এ বাড়িতে রাতে পাহারা দেওয়ার মতো কেউ ছিল না। দুজন কেয়ারটেকারই বাড়ির ভেতরে তাদের কক্ষে ঘুমিয়ে ছিলেন। প্রধান ফটকসহ কোথাও কোনো সিসি ক্যামেরাও ছিল না। কেয়ারটেকার সম্রাট জানিয়েছেন গত দুই-তিন মাস আগে শাকিব খান একবার এসেছিলেন। বাড়িতে শিগগিরই সিসি ক্যামেরা লাগানোর কথাও বলেছিলেন তিনি। এখানে মাঝেমধ্যে শ্যুটিং হয়। 

জানা গেছে, কয়েক বছর ধরে ওই বাড়িতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শ্যুটিং হচ্ছে। ওই শ্যুটিং বাড়িতে মূল্যবান আসবাব, এসি, জেনারেটরসহ নানা মূল্যবান জিনিসপত্র রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত