চীনের উইঘুর মুসলিমদের ওপর চালানো নির্যাতনের বিরুদ্ধে আজ ১২ নভেম্বর শনিবার বিকেল ৪টায় চট্টগ্রামে নিউমার্কেট থেকে প্রেসক্লাব পর্যন্ত সচেতনতামূলক র্যালি ও প্রতিবাদ সমাবেশ করে আল ইত্তেহাদ ইসলামিক সংগঠন বাংলাদেশ।
সংগঠনটির সদস্যসচিব আব্দুল মনসুর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনে ২২ লাখ তুর্কি ও উইঘুর মুসলিমদের দীর্ঘদিন ধরে গণহত্যা-হত্যা-ধর্ষণ-নির্যাতন-যৌন নিপীড়ন ও জোরপূর্বক আটকে রাখার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সমাবেশে উপস্থিত ছিলেন আল ইত্তেহাদ ইসলামী সংগঠন বাংলাদেশ-এর আহ্বায়ক মো. মীর হোসেন, সদস্যসচিব আব্দুল মনসুর, মো. শাহজাহান, সিরাজ আব্দুল্লাহ, মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চীনের বন্দিশিবিরে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এমনকি বন্দিশিবির থেকে পালাতে চাওয়াদের সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের মুসলিম ধর্মাবলম্বী উইঘুর নারীদের জোরপূর্বক শয্যাসঙ্গী করছে চীনের সরকারি কর্মকর্তারা। এসব উইঘুর নারীদের পরিবারের পুরুষ সদস্যদের বিভিন্ন ক্যাম্পে আটকে রেখেছে চীন সরকার। এ ছাড়াও জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে চীনের উইঘুর মুসলিম নারীদের জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা হচ্ছে। সিনজিয়া প্রদেশে উইঘুর মুসলিম নারীদের জোরপূর্বক গর্ভপাত করানো হচ্ছে। মূলত চীনের দখলকৃত পূর্ব তুর্কিস্তানের চীনের দেওয়া নাম শিনজিয়াং। অঞ্চলটিতে যাতে করে মুসলিম সম্প্রদায় বাড়তে না পারে সে কারণেই নেওয়া হচ্ছে এই ব্যবস্থা।
চীনের উইঘুর মুসলিমদের ওপর চালানো নির্যাতনকে চরম মানবাধিকার লঙ্ঘন দাবি করে জাতিসংঘসহ মুসলিম বিশ্বকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি চীনের পণ্য বয়কটের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি আহ্বান জানায় তারা।
