দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ' এবং ঢাকা রিপোটার্স ইউনিটির আয়োজনে নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুরু হয়েছে। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে নগদ লিমিটেড এবং ঢাকা রিপোটার্স ইউনিটির মধ্যে আয়োজিত প্রীতিম্যাচে জয় পেয়েছে নগদ লিমিটেড।
ম্যাচের একমাত্র গোলটি করেন নগদ-এর বিজনেস সেলস বিভাগের কী অ্যাকাউন্ট ম্যানেজার তাপস আহমেদ। গোলপোস্টে চমৎকার পারফম্যান্সের পুরস্কার হিসেবে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন নগদ-এর বিটিএল ও ইভেন্টস টিমের ম্যানেজার কাজী রেজাউল ইসলাম।
এর আগে আজ রবিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট ও মারুফুল ইসলাম ঝলক ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের একসময়ের তুখোড় খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম, ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব উপস্থিত ছিলেন।
প্রীতি ম্যাচের শুরুতে নগদ এবং ঢাকা রিপোটার্স ইউনিটির খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা।
উদ্বোধনী বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, 'ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিবছর এ রকম চমৎকার একটি আয়োজন করে। আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দিত। এমন আয়োজনে বেশির ভাগ মিডিয়া হাউসের ভাই-বোনেরা অংশ নেন এবং সুন্দর সময় পার করেন, যা সত্যিই অসাধারণ।'
বিশেষ অতিথি নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, 'প্রতিবছর আমরা ডিআরইউ-এর সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সাংবাদিক ভাই-বোনদের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।'
নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২-এ এবার টেলিভিশন, সংবাপত্র এবং অনলাইন নিউজ পোর্টালসহ সব মিলে ৫১টি মিডিয়া হাউস অংশ নিচ্ছে। আটটি গ্রুপে নকআউট পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।
