করোনায় ৭ দিন পর আরও ১ জনের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০১:৪৯ এএম

দেশে করোনায় সাত দিন পর আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা গেছে একজন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৫ জন। এর আগে গত ৬ নভেম্বর করোনায় একজন মারা যান। সেদিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৬ জন। এর পরে কেউ মারা যায়নি। গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৭৪টি। পরীক্ষা বিবেচনায় সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।  স্বাস্থ্য অধিদপ্তরের

তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৫ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৯, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ১, খুলনায় ১ ও সিলেট বিভাগে ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছে। মৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার সরকারি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ এবং মারা গেছে ২৯ হাজার ৪২৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত