নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার রাত ১২টা ১ মিনিটে পিরুজআলী গ্রামে নুহাশ পল্লীতে মোমবাতি প্রজ¦ালনের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু হয়। রাতে নুহাশ পল্লীতে এক হাজার ৭৪টি মোমবাতি প্রজ¦ালন করা হয়। সকালে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশ পল্লীতে আসেন। এরপর নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারী, হুমায়ূনভক্তদের নিয়ে হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ-সময় লেখকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
হুমায়ূন আহমেদ জীবিত থাকার সময় যেভাবে জন্মদিন পালন করতেন তার মৃত্যুর পর ঠিক সেভাবেই জন্মদিন পালন করা হয় বলে জানালেন নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল।
গাজীপুর সদর থেকে ২৫ কিলোমিটার ভেতরে পিরুজালী এলাকায় অবস্থিত নুহাশ পল্লী। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদের নানা বয়সী ভক্তরা। কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
মির্জাপুর এলাকার একটি স্কুল থেকে আসা শিক্ষার্থী তাসলিমা আক্তার বলে, আমরা হুমায়ূন আহমেদের অনেক নাটক সিনেমা দেখেছি। তার লেখা বইও পড়েছি। তাকে কখনো স্বচক্ষে দেখিনি। তাই তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এবং নুহাশ পল্লী ঘুরে দেখতে এসেছি।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। পরে গাজীপুরের নুহাশ পল্লীর লিচুতলায় তাকে সমাহিত করা হয়।
