দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আজ সেখানে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শীত পড়েছে। ভোরে কুয়াশাও পড়ছে।
এ ছাড়া যশোরে ১৪.০ ঈশ্বরদী ও বদলগাছীতে ১৪.২, রাজশাহীতে ১৪.৫, দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৫.০ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা রেকর্ড করা হয়।
আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী তিন দিনে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
