শিরোপা লড়াইয়ে এগিয়ে রংপুর

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:০০ এএম

টায়ার ১-এ শীর্ষ দুই দল মুখোমুখি। যে জিতবে তার হাতেই শিরোপা। ড্র করলেও চলবে রংপুর বিভাগের, তবে সিলেটকে প্রথম জাতীয় লিগ শিরোপা নিশ্চিত করতে হলে জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে শেষ রাউন্ডে বগুড়ায় মুখোমুখি দুই দল। চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে এগিয়ে আছে রংপুর। সিলেটকে প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে গুটিয়ে দিয়ে নিজেরা ৩ উইকেটে ১০৫ রান করেছে। আজ সকালে ২ রান নিলেই লিডের পথে হাঁটবে তারা। অন্যান্য ম্যাচে টায়ার ২ এর লড়াইয়ে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করে রান খরা কাটিয়েছেন ইমরুল কায়েস। তার ১৮৯ বলে ১০০ রানের ইনিংসে আড়াইশো পার করে খুলনা। এছাড়া নাহিদুল ৪৫ ও সৌম্য সরকার ৩৬ রান করেন। রাজশাহীর নাহিদ রানা ৬৩ রানে নেন ৫ উইকেট। এই গ্রুপের অন্য ম্যাচে বরিশাল ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ২১১ রান তুলেছে। আরেক ম্যাচে  ঢাকা বিভাগের সঙ্গে প্রথম ইনিংসে ২০৩ রানে করেছে চট্টগ্রাম। পুরো আসর জুড়েই ধুঁকতে থাকা দলটিকে দুইশো রানের স্কোরে টেনে তোলেন ৬৬ রান করা ইরফান সুক্কুর। ৪টি করে উইকেট নেন সুমন খান ও শুভাগত হোম। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ঢাকা আবদুল মজিদের অপরাজিত ৩৪ রানে ১ উইকেটে ৫৩ রান করে দিন শেষ করে। চট্টগ্রামের চেয়ে ১৫০ রানে পিছিয়ে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত