এনআইডি হাতে রাখতে রাষ্ট্রপতিকে চিঠি দেবে ইসি

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:২৩ এএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের হাতে রাখতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি দেবে নির্বাচন কমিশন। তার একটি অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগেও দেওয়া হবে।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের যে অফিসার্স সমিতি আছে, তারা আমাদের কাছে আবেদন করেছিল। আমরা বলেছি, এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। এটার অনুলিপি হয়তো সুরক্ষা বিভাগে যাবে এটুকু সিদ্ধান্ত ছিল।’

কমিশন কী চায় এমন প্রশ্নে এই নির্বাচন কমিশনার বলেন, ‘এটা এখানে থাকার কতগুলো ভালো দিক আছে। আবার সরকার নিয়ে যেতে চায়। আমরা চিন্তা করেছি মহামান্য রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, আমাদেরও অভিভাবক, সরকারেরও অভিভাবক। ওনার কাছে আমরা পাঠিয়ে দেব। উনি যেটা ভালো মনে করেন।’

নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের কাজটা প্রথম থেকে করে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক অভিজ্ঞতা হয়েছে। একটা প্রশিক্ষিত জনবল হয়েছে। এখানে থাকলে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ নাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত