নিজের বিপুল সম্পদের বেশির ভাগই দান করে দিতে চান বিশ্বের চতুর্থ ধনী জেফ বেজোস।
মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’-কে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের সাবেক সিইও বলেন, পরিবেশরক্ষার কাজে সম্পদের বড় অংশ দানে ইচ্ছুক তিনি।
যদিও ১২ হাজার ৪০০ কোটি ডলারের মালিক বেজোস সম্পদের কতটা অংশ দান করবেন, তা খোলসা করেননি। তবে জানিয়েছেন, নিজের জীবদ্দশাতেই সম্পদের অধিকাংশ বিলিয়ে দিতে চান।
দানের কত অংশ কোন খাতে খরচ করবেন বেজোস? তা নিয়ে এখনও মনস্থির করেননি বলেও জানিয়েছেন তিনি। তবে বলেছেন, বিষয়টি স্থির করা অত সহজ নয়। বেজোসের কথায়, কী ভাবে ধীরে ধীরে এটা (দান) করা যায়, তা স্থির করাই সবচেয়ে কঠিন ব্যাপার।
মার্কিন সংবাদমাধ্যমে বেজোস জানিয়েছেন, অর্থদানের জন্য এই মুহূর্তে নিজেকে সক্ষম করার চেষ্টা করছেন তিনি।
প্রসঙ্গত, আমাজনের প্রেসিডেন্ট এবং সিইও পদ ছেড়ে দিলেও বেজোস এখনও নিজের সংস্থায় এগ্জিকিউটিভ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। সেই সঙ্গে মহাকাশযাত্রা-সহ গবেষণাকারী সংস্থা ‘ব্লু অরিজিন’-এরও মালিক তিনি। টেসলা-কর্তা ইলন মাস্কের আগে বিশ্বের র্শীষ ধনী ছিলেন বেজোস।
