বাবাকে হারালেন তেলুগু ছবির সুপারস্টার মহেশ বাবু। দক্ষিণী ছবির কিংবদন্তি তারকা গট্টামানেনি শিব রামা কৃষ্ণমূর্তি ছিলেন অভিনেতার বাবা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০। ১৫ নভেম্বর ভোর ৪টা নাগাদ প্রয়াত হন তিনি।
দিন কয়েক ধরেই শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না অভিনেতার বাবার। সোমবার হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয় গট্টামানেনি শিব রামা কৃষ্ণমূর্তিকে। পুত্রবধূ নম্রতা শিরোদকরই হাসাপাতালে ভর্তি করান তাকে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখার কথা বললেও এক দিন কাটতে না কাটতেই মঙ্গলবার ভোর ৪টা নাগাদ প্রয়াত হন অভিনেতার বাবা।
গট্টামানেনি শিব রামা কৃষ্ণমূর্তি একাধারে ছিলেন প্রযোজক, পরিচালক ও অভিনেতা। ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। একের পর এক হিট ছবি দিয়েছেন দর্শকদের। এমন একটা সময় গিয়েছে কৃষ্ণ তিন শিফটে কাজ করেছেন। তবে বহু ছবিতে বিনা পারিশ্রমিকেও কাজ করেছেন এই কিংবদন্তি তারকা।
পদ্মভূষণ সম্মান পান তিনি। শুধু অভিনয় নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন মহেশ বাবুর বাবা। ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দেন, পরে সাংসদও হন। কিন্তু রাজীব গান্ধীর মৃত্যুর পর তিনি রাজনীতি ছেড়ে দেন।
দিন কয়েক আগে মা ইন্দিরা দেবীকে হারান মহেশ বাবু। প্রথম স্ত্রী ইন্দিরার প্রয়াণের পর দ্বিতীয় স্ত্রী নির্মলা ২০১৯-এ মারা গেলে শোকস্তব্ধ হয়ে পড়েন অভিনেতার বাবা। তার পর জানুয়ারি মাসে মহেশ বাবুর ভাই রমেশ বাবু প্রয়াত হন। একের পর এক প্রিয়জন হারানোর শোকে জর্জরিত পরিবারটি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
