গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী স্ত্রী শম্পা পারভীনকে হেরোইন দিতে গিয়ে ৫ পুরিয়া হেরোইনসহ স্বামী গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তি হলেন, মাদারীপুরের কুলপরদী তালতলা গ্রামের আমিনুল খন্দকার (৩৫)।
কোনাবাড়ী থানার এসআই মো. লিটন মিয়া জানান, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বন্দী আছেন শম্পা পারভীন। তার সঙ্গে মঙ্গলবার বিকেলে সাক্ষাৎ করতে আসেন তার স্বামী আমিনুল খন্দকার। স্ত্রীকে দেওয়ার উদ্দেশে পকেটে করে ৫ পুরিয়া (৭০ গ্রাম) হেরোইন নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তিনি। কারাগারে প্রবেশের আগেই প্রধান ফটকে (আরপি চেকপোস্ট) তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পকেট থেকে হেরোইন জব্দ করা হয়। পরে আকে আটক করে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
