সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল মারা গেছেন

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১০:৪৪ এএম

ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল (৮৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

মাহবুব জামিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রুবায়েত জামিল।

তিনি জানান, তার জানাজা গুলশান আজাদ মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। তারপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। 

তিনি সবার কাছে তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। মাহবুব জামিল বার্ধক্যজনিত কারণ ও ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মাহবুব জামিল ২০০৮ সালের ২১ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি মন্ত্রী পদমর্যাদায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া মাহবুব জামিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান, সিঙ্গার এশিয়া এবং হংকংয়ের আঞ্চলিক জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত