বিধ্বংসী আগুন জম্মু-কাশ্মীরের কার্গিলের দ্রাস এলাকার জামিয়া মসজিদে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে মসজিদের দুটি তলা। বুধবার সন্ধ্যায় এই অগ্নিকণ্ডের ঘটনা ঘটে। হতাহতের খবর এখনো জানা যায়নি।
জানাগেছে, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ কার্গিলের জামিয়া মসজিদে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের কিছুক্ষণ আগেই মসজিদে নামাজ পড়ে চলে গিয়েছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। আগুন লাগে মসজিদের দোতলায়। মুহূর্তের মধ্যে আগুন শিখা গ্রাস করে গোটা মসজিদ চত্বর। আগুন ছড়িয়ে পড়ে মসজিদের তিন তলাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগায় পুলিশ ও সেনাকর্মীরা। ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।
কার্গিলের সিইসি ফিরোজ আহমেদ খান বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয়দের সাহায্য নিয়ে দুঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলের দুটি গাড়ি পাঠানো হয়েছিল। তবে প্রাথমিকভাবে, আগুন নেভানোর কাজ শুরু করে সেনাবাহিনীই। এই অগ্নিকাণ্ডে মসজিদের একেবারে উপরের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।’
