নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইনে পা বিচ্ছিন্ন যুবকের

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০১:৩৬ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে মো. বেলাল (৩৭) নামে ওই যুবকের একটি পা হাঁটুর কাছাকাছি পর্যন্ত উড়ে যায় বলে জানা গেছে। গতকাল বুধবার ভোরে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত  বেলাল কক্সবাজারের রামুর গর্জনিয়া হাজিপাড়ার আবদুল হাকিমের ছেলে। তিনি মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনতে সীমান্তের কাছে গিয়েছিলেন বলে ধারণা এলাকাবাসীর। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, গতকাল সকালে পাশের গর্জনিয়া এলাকার বাসিন্দা বেলাল সীমান্তের ৪৬ ও ৪৭ নম্বর পিলারের মধ্যবর্তী কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় মাইন বিস্ফোরণে তার ডান পা গুরুতর জখম হয়। পরে এলাকাবাসী বেলালকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

বেলাল ঠিক কী কারণে সীমান্তের শূন্যরেখায় গিয়েছিলেন তা জানতে পারেননি উল্লেখ করে চেয়ারম্যান ইমন বলেন, ‘বেলাল এর আগে ইয়াবা বড়ি নিয়ে বিজিবির হাতে আটক হয়েছিলেন। তিনি একজন মাদক কারবারি বলে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি।’ তবে ঘটনাস্থলের পাশের জনবসতির বাসিন্দারা বলছেন, মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনতে বেলাল সীমান্তের কাছে গিয়েছিলেন। পরে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ আহত হন। তাদের ধারণা, মিয়ানমারের সামরিক বাহিনী সীমান্তে এসব মাইন পুঁতে রেখেছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখা ঘেঁষে ৩৫ নম্বর পিলারের কাছাকাছি স্থলমাইন বিস্ফোরণে অথোয়াইং তংচঞ্চগ্য (২২) নামে এক বাংলাদেশির বাঁ পা বিচ্ছিন্ন হয়েছিল। এরপর গত ৪ অক্টোবর নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের ছেড়াকুম এলাকার বিপরীতে বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে আবদুল কাদের (৩৫) নামে এক রোহিঙ্গার পা বিচ্ছিন্ন হয়।

মিয়ানমারের ৮ গরু জব্দ : নাইক্ষ্যংছড়ি সীমান্তের ফুলতলী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মিয়ানমারের আটটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ডাক্তারকাটা এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। বর্তমানে সেগুলো বিজিবির হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত