নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বীর মু্ক্তিযোদ্ধা শেখ আবু তালেবের (৭৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার গন্ধবাড়িয়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই বীর মুক্তিযোদ্ধার স্বজনদের দাবি, স্থানীয় মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে জয়লাভ করায় প্রতিপক্ষরা তাকে হত্যা করে ড্রেনে ফেলে দিয়েছে।
জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের শেখ আবু তালেব বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকেন।
একপর্যায়ে গ্রামের মসজিদের মাইকে মুক্তিযোদ্ধা আবু তালেবের নিখোঁজের বিষয়টি ঘোষণা দেন। রাত সাড়ে ১১টার খোঁজাখুঁজির একপর্যায়ে পাশ^বর্তী গ্রাম গন্ধবাড়িয়া সড়কের পাশের ড্রেনে মৃত অবস্থায় পাওয়া যায়।
নড়াগাতী থানা-পুলিশকে খবর দেয়া হলে মৃতদেহ উদ্ধার করে প্রথমে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য তিনটার দিকে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের ভাইপো মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাচ্চু বলেন, ‘আমার চাচাকে হত্যা করা হয়েছে। গত ১৪ নভেম্বর ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নির্বাচনে আমার চাচার প্যানেল জয়লাভ করেন। পরাজিত প্রার্থীরা আমার চাচাকে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি। আমার চাচার অন্য কোনো শত্রু নেই।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাউলি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আশরাফুল আলম বলেন, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচন গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব। অন্য প্যানেলের নেতৃত্বে ছিলেন তবিবুর রহমান মন্ডল।
ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচনে আবু তালেবের প্যানেল জয় লাভ করে। ১৭ নভেম্বর সভাপতি নির্বাচিত হওয়ার দিনক্ষণ রয়েছে। নির্বাচিত সদস্য সংখ্যা আবু তালেব শেখের পক্ষে বেশি হওয়ায় এবারও তিনি সভাপতি নির্বাচিত হতেন। এর আগে আবু তালেব পূর্বে মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। তিনি আবারও যাতে সভাপতি হতে না পারেন প্রতিপক্ষ প্যানেলের লোকজন শত্রুতার কারণে তাকে হত্যা করে থাকতে পারে।
মাউলি ইউনিয়নের চেয়ারম্যান রোজি হক বলেন, ‘গ্রাম্য কোনো কোন্দল পূর্বে ছিল না। মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে বেশ কয়েক দিন ধরে দুই প্যানেলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের এমন মৃত্যু খুবই দুঃখজনক।
নড়াগাতী থানার ওসি (তদন্ত) মো. আব্দুল গফুর বলেন, ‘খবর শোনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
