যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান পার্টি।
ভোট গ্রহণের পর থেকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে গণনা চলছে। তার মধ্যেই নিম্নকক্ষ হাউসের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ২১৮টি আসনে রিপাবলিকানরা জয় পেয়েছে। বুধবার এডিসন রিসার্চের প্রদর্শিত ফলাফলে এমনটাই দেখা গেছে।
বিবিসি জানায়, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কংগ্রেসের ৪৩৫ আসনের মধ্যে ২১৮টি আসনের প্রয়োজন হয়। মধ্যবর্তী নির্বাচনের সবশেষ ফলাফল অনুযায়ী রিপাবলিকানরা প্রয়োজনীয় ২১৮টি আসনই পেয়েছেন। আর ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ২০৯টি আসনে।
গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও প্রতিনিধি পরিষদের কয়েকটি আসনের ভোট গণনা এখনও চলছে।
এর আগে কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ আসনের সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫০ আসন পায় প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পাটি। প্রাথমিক ফলাফলে সিনেটে রিপাবলিকানরা পেয়েছে ৪৮ আসন।
