‘সরকারবিরোধী বৈঠক থেকে’ বিএনপির ১৫ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৭:২৭ পিএম

হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ১৫ ও জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে। তিন উপজেলায় প্রায় সাড়ে পাঁচ শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে। 

গ্রেপ্তারদের মধ্যে বাহুবল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এখলাছ মিয়া ও মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়াকে গত বুধবার রাতে বাহুবল থানা পুলিশ গ্রেপ্তার করে। 

এ ছাড়া নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি এনাম উদ্দিন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মকবুল হোসেন চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা বকুল আহমদ, গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ মোস্তাকিম, নবীগঞ্জ পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী কনুকে একই সময়ে গ্রেপ্তার করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ জানান, সরকারবিরোধী গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়। 

বিএনপির সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, সিলেটের সমাবেশ বন্ধের উদ্দেশ্যে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হয়রানি করছে। 

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্তুজা জানান, বুধবার হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতা মোস্তাক খান চৌধুরী রুমেলসহ দুজনকে এবং জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শারফিন চৌধুরী রিয়াজকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, এ ছাড়া হবিগঞ্জ সদরে গ্রেপ্তার অন্যরা হলেন গোপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ খান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ, সাবেক আহ্বায়ক শাহিনুজ্জামান ও রামপুর গ্রামের বিএনপি কর্মী শুভ রায় এবং বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির খান।

গোলাম মর্তুজাও ‘সরকারবিরোধী; কার্যক্রমের জন্য বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের কথা জানান।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত