ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিখোঁজ মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তাকে রিমান্ডে নিতে আদালতে সোপর্দ করা হয়।
বুধবার (১৬ নভেম্বর) যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিটিটিসি জানায়।
তারা জানায়, ডা. জাকির নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম এসব জানান।
গত ৮ নভেম্বর হাসপাতালে ডিউটি শেষ করে সহকর্মী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বার্তা পাঠিয়ে নিরুদ্দেশ হন ডা. জাকির হোসেন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ভাঙ্গা থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত চিকিৎসক জাকির হোসেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের দায়িত্ব শেষ করে হাসপাতাল ত্যাগ করেন। মঙ্গলবার রাত (৯ নভেম্বর) ১২টা ৩ মিনিটে জাকির হোসেনের ব্যবহৃত ফোন থেকে তার স্ত্রীর ফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হয়, ‘বিদ্যুৎ নেই, তার (জাকির হোসেন) মোবাইল ফোন যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।’
এর প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পর ভোর ৫টা ৫৪ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ফোনে জাকির হোসেনের ফোন থেকে বার্তার মাধ্যমে জানানো হয়, ‘শাশুড়ি অসুস্থ্য। জরুরী ঢাকায় যেতে হবে। আগামীকাল (১০ নভেম্বর) ফিরতে একটু দেরি হবে।’
মো. জাকির হোসেন মানিকগঞ্জ শহরের বনগ্রাম আবাসিক এলাকার বাসিন্দা। তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। তিনি ৩৮তম বিসিএস’র মাধ্যমে ২০১৯ সালের ৮ ডিসেম্বর নবম গ্রেডে মনোনীত হয়ে ১১ ডিসেম্বর ভাঙ্গার তুজারপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সহকারি সার্জন হিসেবে যোগ দেন।
তবে তুজারপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কোনো স্থাপনা না থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়। সেই থেকে গত তিন বছর ধরে তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, আমি থানায় কথা বলে জানতে পেরেছি ডা. জাকির হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) যাত্রাবাড়ী থেকে ডা. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে বিষয়টি শুনেছি। এর আগে চিকিৎসক জাকির হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও তার শ্বশুর ভাঙ্গা থানায় দুটি জিডি করেন।
