জামালপুরে ১ হাজার ফুট লম্বা পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৫:১৮ পিএম

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মূলপর্ব শুরুর আর মাত্র এক দিন বাকি। সময় যতই ঘনিয়ে আসছে সমর্থকদের মাঝে ততই বাড়ছে উন্মাদনা। ভক্তদের বাড়ছে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ। দলের প্রতি ভালোবাসা থেকে কেউ নিজ দলের পতাকার আদলে বাড়ি, কেউ বা ব্যবসা প্রতিষ্ঠান, ভ্যানগাড়ি রাঙিয়েছেন। এ ভালোবাসার বর্হিপ্রকাশ থেকেই জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আর্জেন্টাইন ভক্তরা পতাকা র‌্যালি করেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে জেলার সরিষাবাড়ি পৌর শহরের ধানআটা এলাকার মাসুদুর রহমানের আয়োজনে ১ হাজার ৬০ ফুট লম্বা পতাকা নিয়ে সড়কে র‌্যালি করে সাড়া ফেলে দিয়েছে আর্জেন্টাইন ভক্তরা। 

এ র‌্যালিতে আরেক ভক্ত ৩শ ফুট লম্বা পতাকা নিয়ে যোগ দেন। র‌্যালিটি আরামনগর মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ র‌্যালিতে শত শত আর্জেন্টাইন ভক্তরা অংশগ্রহণ করে।

র‌্যালিতে অংশ নেয়া আর্জেন্টাইন ভক্ত মাসুদুর রহমান বলেন, আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। এ দলের মেসির খেলা খুব ভালো লাগে। মেসির খেলার নৈপুণ্য দেখেই তার ভক্ত হয়ে গেছি। সেই ভালোবাসা থেকে ১ হাজার ৬০ ফুট লম্বা একটা পতাকা তৈরি করেছি। এ পতাকা তৈরি করতে দর্জির তিন দিন সময় লেগেছে। এতে আমার ৩০ হাজার টাকা খরচ হয়েছে। 

এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা জয়ী হবে বলে আমি শতভাগ আশাবাদী। এবার বিশ্বকাপ মেসির হলে ৫টি গরু জবাই করে আর্জেন্টাইন সমর্থকদের খাওয়ানোর ঘোষণা দেন তিনি। 

আর্জেন্টাইন ভক্ত আনান জানান, এ আসরের সবচেয়ে ফেবারিট দল আর্জেন্টিনা। মেসির পায়ে ফুটবলের যে কারুকাজ তা দিয়ে এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপ মেসির হবে।

আর্জেন্টাইন ভক্ত নিরব বলেন, বিশ্বের সবচেয়ে ফেবারিট ফুটবল তারকা মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত