ফরিদপুরের সদরপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় মো. হীরা (১৯) নামের একজন গুরুতর আহত হয়। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদরপুর উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার আ. গফফারের ছেলে রিমন (১৮) ও একই উপজেলার সারেং ডাঙ্গী এলাকার ইউনুস মাস্টারের ছেলে তামিম (১৭)। আহত হীরা একই উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে।
জানা যায়, মোটরসাইকেল যোগে সদরপুর থেকে মনিকোঠা যাওয়ার পথে সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোটা বাজারের পাশের একটি পাকা রাস্তার ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সদরপুরগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তামিম (১৬) ও রিমন (১৮) এবং মো. হীরা (১৯) মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে রিমন ও হীরাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তামিমকে চরভদ্রাসন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিম ও রিমনকে মৃত ঘোষণা করেন। আহত হীরা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
