ভারতে পাচারকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় বাইসাইকেলের সিটের মধ্য থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিস সোনার বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক ইয়ানুর বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুলপরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে এক বাইসাইকেল আরোহীকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার স্বীকারোক্তিতে ওই বাইসাইকেলে তল্লাশি করে সিটের মধ্যে লুকানো অবস্থায় ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। আটক ইয়ানুরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
