আজ ভারতের দিল্লিতে তাজ প্যালেসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সাক্ষাতে বাংলাদেশ ভারতের সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিবিধ বিষয়ে আলোচনা হয়। সীমান্তে হত্যা শূন্যে নিয়ে আসার লক্ষ্যে আলোচনা হয়। জোরপূর্বক বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সবধরনের সহযোগিতার কথা ভারতের পক্ষ থেকে বলা হয়।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারত। ঠিক তেমনি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকবে দুই দেশ।
উল্লেখ্য, ভারতের দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী (১৮-১৯ নভেম্বর, ২০২২ খ্রি.) তৃতীয় 'No Money for Terror' Ministerial Conference (NMFT) এ অংশ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, উপহাইকমিশনার মো. নুরল ইসলাম, মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর ও ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।
