বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ১৪/১৫ বছরের অবৈধ শাসনে একদিকে রাজনৈতক কাঠামোকে বিনষ্ট করেছে, অপরদিকে অর্থনীতিকে ধ্বংস করেছে। সাধারণ মানুষের জীবনযাপনই এখন দুঃসহ হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠেছে। জ্বালানি তেলেরও মূল্য বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা রিজার্ভ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছে। সামগ্রিক অর্থে দেশে এখন একটা দুঃসময় চলছে। এ জন্য দায়ী এই অনির্বাচিত ও অবৈধ সরকার। তারা দুর্নীতির মাধ্যমে জাতিকে আজ বিনষ্ট করে করেছে। এ কারণেই আমরা আন্দোলনে নেমেছি।
শুক্রবার রাতে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে রাত সাড়ে ৯টায় শনিবারের গণসমাবেশে যোগ দিতে তিনি বিমানযোগে সিলেট পৌঁছান।
এ সময় তিনি বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনই এখন এ দেশের মানুষের একমাত্র দাবি। সরকার আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চার বছর ধরে আটক করে রেখেছে। দেশের জনপ্রিয় নেতা তারেক জিয়াকে তারা সাজা দিয়েছে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারপরও তারা ক্ষান্ত হয়নি। তারা জনগণের এই শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে। জনগণকে জিম্মি করে রেখেছে। আমাদের বিপন্ন করার চেষ্টা করছে। পুলিশ দিয়ে, গুণ্ডা দিয়ে হামলা করছে। তারপরও মানুষ দমে যাচ্ছ না। আপনারা দেখেছেন, মাদরাসা মাঠে আজকেই হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। ফখরুল বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে কোনো নির্যাতন, কোনো ফ্যাসিবাদ টিকে থাকবে না। জনগণের বিজয় অবশ্যই হবে।
শনিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
