মালয়েশিয়ায় ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০১:২৭ পিএম

মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ শনিবার। এই নির্বাচনকে দেশটির ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলা হচ্ছে। এই নির্বাচন-পরবর্তী পাঁচ বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংস্কারের গতিবিধি ঠিক করতে যাচ্ছে বলেও মনে করা হচ্ছে।

প্রার্থী বেশ কয়েকজন হলেও সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ও সাবেক অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আছেন সবার চেয়ে এগিয়ে। তবে জনমত জরিপ বলছে, শেষ অবধি জয় পেতে পারেন আনোয়ার ইব্রাহিমই। 

তবে অনেক বিশ্লেষক বলছেন, আনোয়ারের জোট হেরে যেতে পারে যদি অন্য ব্লকগুলো তার বিরুদ্ধে দল গঠন করে। কারণ, আগে থেকেই আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার জন্য আনোয়ার ইব্রাহিম এ সপ্তাহে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

এই নির্বাচনকে ১৯৫৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির স্বাধীনতার পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলা হচ্ছে। জনমত জরিপে ঝুলন্ত পার্লামেন্টের আভাসও দেওয়া হয়েছে। সরকার গঠনে কোনো দল কিংবা জোট সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বলে মনে করা হচ্ছে।

জনমত জরিপের পাশাপাশি বিশ্লেষকেরা বলছেন, আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট বেশি আসনে জয় পেতে পারে। তবে সেটা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যথেষ্ট হবে না। দীর্ঘ ২৫ বছর ধরে বিরোধী নেতার ভূমিকা পালন করে আসছেন আনোয়ার ইব্রাহিম।

তবে প্রধানমন্ত্রী সাবরি ইয়াকুব এবং সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী জোটগুলো এক হলে সরকার গঠনে প্রয়োজনীয়সংখ্যক আসন পেতে পারে। এতে এই যাত্রায়ও আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।

সাবরি ইয়াকুব এবং মুহিউদ্দিনের জোট ক্ষমতাসীন জোর সরকারেরই অংশ। কিন্তু নির্বাচনে তাঁরা আলাদাভাবে লড়ছে।

নির্বাচনে ভোটারদের কাছে অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে-প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা দিতে পারে, বাড়ছে মূল্যস্ফীতিও। অনেক মালয়েশীয়ই সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে হতাশ। তারা মনে করছেন, এতে অর্থনৈতিক উন্নয়ন থেকে রাজনীতিকদের নজর সরে গেছে।

স্বাধীন জরিপ সংস্থা মেরদেকা সেন্টারের প্রকাশিত জরিপ অনুযায়ী, আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোট ৩৩ দশমিক ৬ শতাংশ ভোট পেতে পারে। মুহিউদ্দিনের নেতৃত্বাধীন পেরিকাতান জোট ২০ দশমিক ৩ শতাংশ আর সাবরি ইয়াকুবের বারিসান ন্যাশনাল ১৫ দশমিক ৪ শতাংশ ভোট পেতে পারেন।

মেরদেকা বলছে, পাকাতান হারাপান জোট ২২২টি আসনের মধ্যে ৮২টি আসন পেতে পারে। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চালানো জরিপ দেখা গেছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৪৫ আসনে কারা জয়ী হচ্ছে সে ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না।

প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রিয়তায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন আনোয়ার ইব্রাহিম। জরিপে অংশ নেওয়া ৩৩ শতাংশ ভোটার তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

গত কয়েক বছরের মধ্যে তিনজন প্রধানমন্ত্রী পেয়েছে মালয়েশিয়া। দেশটিতে ‘স্থিতিশীলতা’ফেরানোর চেষ্টার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব আগাম নির্বাচনের ডাক দিয়েছেন।

দেশ রূপান্তরের বিশ্বকাপ চমক: কুইজে অংশ নিয়ে রূপায়নের ফ্ল্যাট জিতুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত