স্মিথের পর স্টার্ক-জাম্পায় সিরিজ অস্ট্রেলিয়ার

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৬:১২ পিএম

আগের ম্যাচে যেখানে থেমেছিলেন ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন স্টিভেন স্মিথ। মাত্র ৬ রানের জন্য যদিও সেঞ্চুরি পাওয়া হলো না তার। তবে দল পেল চ্যালেঞ্জিং পুঁজি। মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পার দারুণ বোলিংয়ে যা আর তাড়া করতে পারল না ইংল্যান্ড। বড় জয়ের সঙ্গে সিরিজও নিজেদের করল অস্ট্রেলিয়া।

সিডনিতে শনিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৮১ রান তাড়া করতে নেমে ২০৮ রানে থামে ইংলিশদের ইনিংস।

এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার। অ্যাডিলেইডে সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল স্বাগতিকরা। সেই ম্যাচে ৭৮ বলে অপরাজিত ৮০ রান করেন স্মিথ। এদিন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ১১৪ বলে ৯৪ রান করেনে ৫ চার ও ১ ছক্কায়।

তৃতীয় উইকেট জুটিতে মার্নাস লাবুশেনের সঙ্গে ১০১ রানের জুটি উপহার দেন স্মিথ। মিচেল মার্শের সঙ্গে পঞ্চম উইকেটে যোগ করেন ৯০ রান। লাবুশেন ৫৫ বলে ৫৮ ও মার্শ ৫৯ বলে ৫০ রান করেন। অস্ট্রেলিয়া পায় ৮ উইকেটে ২৮০ রানের পুঁজি।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে দুই উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার জেসন রয় ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে তুলে নেন মিচেল স্টার্ক। ষষ্ঠ ওভারের প্রথম বলে ফিল সল্টকে ফেরান জস হ্যাজলউড। ১৬ বলে ২৩ রান করেন সল্ট।

এরপর চুতর্থ উইকেটে জেমস ভিন্স ও স্যাম বিলিংস ১২২ রানের জুটি গড়েন। তাতে ম্যাচের ওপর বেশ ভালো নিয়ন্ত্রণই ছিল ইংল্যান্ডের। কিন্তু তিন ওভারে চার উইকেট হারিয়ে ফের ম্যাচ থেকে ছিকটে যায় সফরকারীরা।

৩৮.৪ ওভারে ২০৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। বিলিংস ৮০ বলে ৭১ ও ভিনস ৭২ বলে ৬০ রান করেন। স্টার্ক ৪৭ রানে তুলে নেন ৪ উইকেট। জাম্পা ৪৫ খরচায় ৪ উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। আগামী মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত