ঢাকার সাভারে উপজেলা সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ভবনের তৃতীয় তলায় থাকা মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে। এ ছাড়া অগ্নিকাণ্ডে অফিসটির নিরাপত্তা প্রহরী আনোয়ার হোসেন দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় অবস্থিত উপজেলা সেটেলমেন্ট অফিসের ৩ তলা ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে হেমায়েতপুর চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, উপজেলা সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। এ সময় আধা ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসলেও অফিসটির তৃতীয় তলায় থাকা প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
এ ঘটনায় আনোয়ার হোসেন নামে অফিসের এক নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়েছেন। তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, সেটেলমেন্ট অফিসে আগুন লেগেছিল। বারান্দায় কিছু কাগজপত্র ছিল, সেগুলো পুড়ে গেছে। অফিশিয়াল ডকুমেন্টের কোনো ক্ষতি হয়নি। একজন দগ্ধ হয়েছেন। তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
