ত্রিশালে ক্যানসারে চিকিৎসক আদিত্যের মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০২:৩৩ পিএম

ময়মনসিংহের ত্রিশালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মানস রঞ্জন আদিত্য মারা গেছেন।

ফুসফুস ক্যানসারে আক্রান্ত আদিত্য ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত দুইটায় মারা যান। তার বয়স হয়েছিল ৩৮ বছর।

পরিবার সূত্রে জানা যায়, গত দেড় মাস আগে শরীর খারাপ হলে ভারতের বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ক্যানসার রোগ ধরা পড়ে। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরিয়ে আনা হয়।

দেশে আনার পর গতকাল শনিবার অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ভর্তিরত অবস্থায় রবিবার রাত দুইটায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মানস রঞ্জন আদিত্য ত্রিশাল উপজেলার গরীবের ডাক্তার নামে পরিচিত। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রায় এক যুগের মতো মানুষের সেবা করে গেছেন।

তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এই অল্প সময়ে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

এ অল্প সময়ে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শোকের মাতম। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও বাবাকে রেখে গেছেন।

বিকেল তিনটায় তার সৎকার কাজ সম্পূর্ণ করা হবে। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাকুটিয়া গ্রামের সন্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত