নাটোরের সিংড়ায় নকল স্বর্ণের মূর্তি বিক্রির অভিযোগে ৭ প্রতারককে আটক করেছে নাটোর র্যাব- ৫।
রবিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পিপলশন দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পিপলশন দড়িপাড়া গ্রামের মো. মন্টু (৪০), মো. মুকুল (৪৪), মো. শফিকুল (৩০), মোহাম্মদ আলী (৪০), মো. জাহিদুল ইসলাম (৫৫) মো. রজিম আহম্মেদ (২২) এবং বগুড়ার শেরপুর থানার লাঙ্গল মোড়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৮)।
সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, প্রতারণার শিকার নাটোরের লালপুর উপজেলার সালামপুর গ্রামের মহসিন আলীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৮) অভিযোগ করেন যে, গত মার্চ মাসে রাজশাহীর বাঘার শাহদোলা মাজার জিয়ারতের সময় প্রতারক চক্রের একজনের সঙ্গে পরিচয় হয় এবং ভুক্তভোগীর সঙ্গে মোবাইল নম্বর আদান প্রদান হয়।
প্রতারক ভুক্তভোগীকে বিভিন্ন সময় ফোন দিয়ে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলেন।
পরবর্তীতে একটি নকল স্বর্ণের মূর্তি প্রতারক চক্রের সদস্যদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকায় কিনে ভুক্তভোগী জানতে পারেন এটি নকল মূর্তি।
এ বিষয়ে ভুক্তভোগী তরিকুল ইসলাম রবিবার র্যাবকে জানালে রাতেই তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকার লোকজনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সোনালী রংয়ের পুতুলকে স্বর্ণের পুতুল বলে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সিংড়া থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন।
