নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা আওয়ামী লীগের ব্যানারে গত শনিবার নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর কবর জিয়ারতে যান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. মাহাবুব রহমান বাবুল।
তিনি মোনাজাতে বলেন- বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যারা নিঃস্বার্থভাবে হত্যা করেছে তাদের সকল সদস্যকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এমন এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। এ ঘটনায় তার শাস্তির দাবি জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনার আগে গত ১২ ফেব্রুয়ারি মাসে বারদীতে একটি মিলাদ মাহফিলে লায়ন বাবুল বলেন, 'আমি বারদী ইউনিয়নের ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারদী আসতে হলে, আমার অনুমতি লাগবে। এ এলাকায় এখন থেকে প্রশাসনকে অবশ্যই আমার পক্ষে কাজ করতে হবে। কারও ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল
যদি বলি সুইচ অফ, দিস ইজ অফ। সেই বক্তব্য ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে সাবেক এক ইউপি সদস্য মামলা করেন।
ওই সময় তাকে শাস্তি ও দল থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় জেলা আওয়ামী লীগ। পরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও তাকে শোকজ করা হয়। পরে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাওয়ার পর মাহাবুবুর রহমান বাবুলকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়।
দলীয় ও সর্বশেষ ভিডিও সূত্রে জানা যায়, গত শনিবার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় যান। তারা বঙ্গবন্ধুর
সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন লায়ন বাবুল। মোনাজাতের মাঝখানে বাবুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মহান আল্লাহ তুমি জান্নাতবাসী কর।
মোনাজাতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম ভূঁইয়া, আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজ রহমান মাসুমসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
