বিয়ের ১২ দিনের মাথায় বিষপানে দম্পতির মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১২:৪৭ এএম

মোবাইল ফোনে অপরিচিত নম্বরের কল ধরে পরিচয়। অতঃপর প্রেম, এরপর গোপনে বিয়ে। কিন্তু দুই সপ্তাহও সংসার করা হলো না তাদের। বিয়ের ১২ দিনের মাথায় মৃত্যু হলো তানিয়া-মোস্তাফিজের। ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলার স্বজনগ্রামে গত রবিবার রাতে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।     

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের পরিত্যক্ত সরকারি ভবনে বাস করেন দরিদ্র আনছর মিয়ার পরিবার। তার মেয়ে তানিয়া বেগমের (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মোস্তাফিজুর রহমান হৃদয়ের (২৪)। স্ত্রী ও সন্তান থাকলেও এসব গোপন করে তানিয়াকে বিয়ে করেন ওই যুবক। ফলে বিষয়টি মেনে নেননি তার প্রথম স্ত্রী ও অভিভাবকরা।        

হৃদয়ের পিতা খলিল মিয়া মোবাইল ফোনে পুলিশকে জানান, বিয়ের আগে তার ছেলে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল।  তানিয়ার মা আবিদা বেগমের দাবি, বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকত  হৃদয়। সেখানেই রবিবার সন্ধ্যা ৭টার দিকে তানিয়া ও মোস্তাফিজ হঠাৎ ছটফট করতে থাকে। একপর্যায়ে তারা জানান দুজনেই ইঁদুর মারার বিষ খেয়েছে। সংকটাপন্ন অবস্থায় দুজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের হবিগঞ্জে নেওয়ার পরামর্শ দেন। পথিমধ্যে সামান্য সময়ের ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়। লাখাই থানার ওসি মো. নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত