ঘাটাইলে বিএনপির কর্মিসমাবেশে পুলিশের গুলি

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৭:২৮ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা বিটিপাড়া এলাকায় বিএনপিকর্মী সমাবেশে গুলি চালিয়েছে পুলিশ। 'নাশকতার উদ্দেশ্যে জমায়েত হওয়া' নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানান ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির আট নেতাকর্মীকে আটক এবং ককটেল উদ্ধার করা হয়। আজ বিকালে এ ঘটনা ঘটে।

ওসি আজহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে উপজেলার কাশতলা গ্রামের বিটিপাড়া এলাকায় জমায়েত হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। আটক করা হয়েছে আট নেতাকর্মীকে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় জনসভাকে সফল করতে কর্মিসমাবেশের আয়োজন করে বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুলি ছোড়ে। নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে গেছে। অন্যবাড়ি থেকে বালতি এনে পুলিশ ককটেল রেখে গতানুগতিকভাবে নাটক সাজিয়েছে। অতিবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত