হত্যার দুই যুগ দুই মামলায় সাতজনের যাবজ্জীবন

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৬:৫১ পিএম

বগুড়ার কাহালুর কৃষক মজিবর হত্যার ২৬ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড ও শিবগঞ্জের নৈশপ্রহরী আব্দুল জব্বার হত্যার ২৪ বছর পর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

জানা যায়, ১৯৯৮ সালে বগুড়ার শিবগঞ্জের বীলহামলা রাইস মিলের মোটর চুরি করতে হত্যা করা হয় নৈশপ্রহরী আব্দুল জব্বারকে। এ ঘটনায় রাইস মিল মালিক শরীফ উদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই হত্যাকাণ্ডের ২৪ বছর পর অপরাধ প্রমাণিত হওয়ায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে আসামিদের ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডিতরা হলেন আফজাল হোসেন, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, গুলজার রহমান, আসমা ও আলম ফকির। এদের মধ্যে আলম ও আসমা পলাতক, বাকি চার আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম।

অপরদিকে বগুড়ার কাহালু লক্ষীমণ্ডপ গ্রামে ১৯৯৬ সালের ৮ আগস্ট স্থানীয় পুকুর নিয়ে দ্বন্দ্বের জেরে মজিবর নামের এক কৃষককে কুড়ালের আঘাতে কুপিয়ে হত্যার ঘটনায় ১৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে মামলা চলাকালীন দুজন মারা যান। এ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় কাহালু উপজেলার মৃত তোরাব আলীর ছেলে তসলিম উদ্দিনকে (৭০) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। আনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মাদ কামরুন হাসান খান এ রায় ঘোষনা করেন। মামলার বাকি আসামিদের জড়িত থাকার সত্যতা না পেয়ে ১৫ আসামিকে খালাস দেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত