চট্টগ্রামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) করা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম শুনানি নিয়ে এই আদেশ দেন।
এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ বাবুলকে চট্টগ্রামের আদালত হাজির করা হয়। পরে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাবুলের আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, তার মক্কেল জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন। এ ছাড়া আইনজীবীর সঙ্গে এক ঘণ্টা কথা বলার জন্যও আবেদন করা হয়েছে। দুটি আবেদনই পরবর্তী সময় শুনানির জন্য রেখেছেন আদালত।
পিবিআই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সুপার নাইমা সুলতানা গত ১৯ অক্টোবর নগরের খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
মামলায় বাবুল ছাড়াও ইলিয়াস হোসাইন, বাবুলের ভাই হাবিবুর রহমান ও বাবা ওয়াদুদ মিয়াকে আসামি করা হয়। মামলায় বাবুলের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলা নিয়ে মিথ্যা-অসত্য তথ্য সরবরাহ-প্রচারের অভিযোগ আনা হয়।
একই অভিযোগে এই আসামিদের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থানায় মামলা করেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুলের স্ত্রী মাহমুদা।
মাহমুদা হত্যা মামলায় বাদী থেকে আসামি হওয়া বাবুলসহ সাতজনকে আসামি করে ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই।
