ডিজিটাল নিরাপত্তা মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৫:৩০ পিএম

এবার চট্টগ্রামে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তারকে। 

এর আগে, ঢাকায় দায়ের করা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অপর মামলায়ও বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কারাবন্দী বাবুল আক্তারসহ চারজনের বিরুদ্ধে পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা মামলাটি দায়ের করেছিলেন। 

নগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আব্দুল হালিম শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ দেশ রূপান্তরকে বলেন, খুলশি থানায় গত ১৬ অক্টোবর পিবিআইয়ের নাঈমা সুলতানার দায়ের করা মামলায় বাবুল আক্তারের শুনানি ছিল বৃহস্পতিবার। শুনানি শেষে আদালত বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

তিনি আরও বলেন, বাবুল আক্তারের অপর মামলায় জামিনের জন্য আমরা আবেদন করেছিলাম। সেই মামলার শুনানি আজ হয়নি। 
 
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর স্ত্রী খুনের আসামি বাবুল আক্তার ও মার্কিন প্রবাসী ইলিয়াস হোসেনসহ চারজনের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাঈমা সুলতানা। ইলিয়াস হোসেন ইউটিউবে ভিডিও প্রচারের মাধ্যমে তদন্তাধীন মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করা হয় পিবিআইয়ের পক্ষ থেকে। 

এছাড়া এই ভিডিওতে পুলিশের ভাবমূর্তিও নষ্ট করা হয় বলে পিবিআইয়ের অভিযোগ রয়েছে। এই ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার ধানমন্ডি থানায় মামলা করেছিলেন পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদারও। সেই মামলায়ও বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর নির্দেশনা দিয়েছিল আদালত। এছাড়া স্ত্রী মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত