রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে এক শিশু আহত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত নারীর নাম কুলসুম বেগম। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর।
ক্যান্টনমেন্ট থানার ওসি মুন্সী ছাব্বীর আহম্মেদ জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাস কুলসুম বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার কোলে থাকা তিন বছরের এক শিশু সড়কে ছিটকে পড়ে আহত হয়। শিশুটিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে- নিহতের নাম কুলসুম বেগম (৬৫) আর কোলে থাকা শিশুটি তার নাতনি হয়।
