জাতীয় পদকপ্রাপ্ত নারী কৃষক নুরুন্নাহারের নামে গুজব ছড়ানোর অভিযোগ

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৪:৫৯ পিএম

বঙ্গবন্ধু কৃষি পদকসহ একাধিক জাতীয় পদকপ্রাপ্ত ঈশ্বরদীর নারী কৃষক নুরুন্নাহার বেগমের ভাবমূর্তি নষ্ট ও তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গ্রামের একজন সাধারণ নারী কৃষক হয়ে জাতীয় পর্যায়ে ‘কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব’ (এআইপি) হিসেবে স্বীকৃতি অর্জন করার পর থেকে তাকে নানাভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

শুক্রবার দুপুরে ঈশ্বরদী উপজেলার বক্তারপুর গ্রামে তার নিজ বাড়িতে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তার স্বামী রবিউল ইসলাম ও বড় ছেলে প্রকৌশলী রায়হান কবির হিরকসহ কয়েক’শ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুরুন্নাহার বেগম বলেন, আমার এই সাফল্যের পেছনে ঈশ্বরদীর সাংবাদিকদের অবদান সবচেয়ে বেশি। আমি সাংবাদিকদের নিকট অনেক কৃতজ্ঞ।

তিনি বলেন, সরকারের মূল্যায়ন ও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করার পর থেকে এলাকার কতিপয় মানুষ আমাকে ‘নারী হয়ে কেন এসব করতে হবে’ এমন কটূ কথা বলে আমাকে বারবার হেনস্তা করার চেষ্টা করছেন। আমি এসব কটু কথাকে আমলে না নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে তার বড় ছেলে প্রকৌশলী রায়হান কবির হিরক বলেন, চার দেয়ালের গণ্ডি পেরিয়ে আমার মা নুরুননাহার বেগম একজন সমাজ উন্নয়ন কর্মী ও সফল নারী উদ্যোক্তা।

নিবিড় সবজি, ফলমূল, পোলট্রি ও গাভির খামার করে এলাকার নারীদের কৃষি কাজে উদ্বুদ্ধ করেছেন।

কৃষির গুরুত্বপূর্ণ ব্যক্তি (এ আই পি) হিসেবে সরকারের পক্ষ থেকে পেয়েছেন স্মারক সম্মাননা।

অজোপাড়া গ্রামে ‘জয় বাংলা নারী উন্নয়ন সংস্থা’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করে গ্রামের কয়েক হাজার নারীদের স্বাবলম্বী করে তুলেছেন।

আমার ও মায়ের ভালো কাজের ঈর্ষান্বিত হয়ে আমাদের সমাজে হেয় প্রতিপন্ন করা জন্য নানাভাবে অপচেষ্টা করা হচ্ছে। আমরা অন্যায় করে থাকলে আপনারা সঠিক তথ্য উদ্‌ঘাটন করে সত্য সংবাদ প্রকাশ করেন, বিচার করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত