'আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার লাইসেন্স দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে'

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৬:১৬ পিএম

দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মিথ্যা-গায়েবি মামলা, পুলিশী নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর বুধবার ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় সদরে (মহানগরগুলোতে) বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে রাজশাহী ও কুমিল্লা বিভাগীয় সদর উক্ত কর্মসূচির আওতামুক্ত থাকবে।

আজ শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রিজভী বলেন, আওয়ামী সরকারের পুলিশ বাহিনী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীদের হত্যা করেছে তাদের প্রায় সবাই শ্রমজীবী মানুষ। মাত্র তিন দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন মিয়ার শরীরে পুলিশ বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে হত্যা করে। নয়ন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান, মাছ শিকার করে কোনো রকমে সংসার চালাত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে এখন পরিবারটি পথে বসেছে। এভাবেই মুন্সিগঞ্জের শাওন, নারায়ণগঞ্জের শাওন প্রধান দুজনই মোটর মেকানিক ছিল। এখন তাদের পরিবার হাহাকার করছে, কারণ তাদের উপার্জনের আর কেউ নেই। তাদের পরিবারে যন্ত্রণা ও বেদনার করুণ প্রকাশ দেখা দিয়েছে।'

তিনি বলেন, 'আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশবাসী শঙ্কিত। একতরফা ও নিশিরাতের নির্বাচন করে আওয়ামী সরকার এখন আন্তর্জাতিকভাবেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার কারণেই বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুখমণ্ডল ম্লান হয়েছে। বর্তমান বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে জনগণের স্রোত দেখে প্রধানমন্ত্রী আরও বেশি ক্রোধে-ক্ষোভে ফেটে পড়েছে। সে কারণেই বিরোধী কর্মসূচিতে দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীকে গেস্টাপো বাহিনীর মতো হত্যার লাইসেন্স দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ লজ্জা-শরম হারিয়ে এখন স্বঘোষিত দেশ নেতা হয়েছে।'

সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী সারাদেশে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা, হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত