কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের উত্তর বাখরাবাদ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে বাঙ্গরা বাজার থানার পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে রামচন্দ্রপুর-মুরাদনগর সড়কের উত্তর বাখরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো বাঙ্গরা বাজার থানার আমিননগর গ্রামের সাকিব মিয়া (২২), ময়নল হোসেন ওরফে আমান (২৯), উত্তর বাখরাবাদ গ্রামের বাবু মিয়া (২৭), বি-চাপিতলা গ্রামের কাউছার (৩১) এবং মুরাদনগর থানাধীন যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজার সংলগ্ন জাঙ্গাল গ্রামের রুবেল (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উত্তর বাখরাবাদ এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৭ ডাকাত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তালা কাটার যন্ত্র, লম্বা ছুরি, লোহার পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, বাঙ্গরা বাজার থানা এলাকায় ডাকাতি ও চুরি বন্ধের লক্ষ্যে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। ডাকাতির মামলা দায়ের করে গতকাল শুক্রবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
