আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল।
প্রায় ১০ বছর পর এই কাউন্সিলে ইলেকশনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের সম্ভাবনা বেশি থাকায় কাউন্সিলরদের মধ্যে উৎসাহ নেই।
অপরদিকে সিলেকশনের মাধ্যমে কমিটি হওয়ার সম্ভাবনার কারণে কাউন্সিলরদের বাদ দিয়ে কেন্দ্রীয় নেতাদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা।
সর্বশেষ ২০১২ সালের ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে সভাপতি ও আজিজুল ইমাম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কাউন্সিলর হওয়ার ২ বছর পর ২০১৪ সালের ১৪ অক্টোবর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন তৎকালীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিন বছরের জন্য দেয়া হলেও প্রায় ১০ বছর পার করছে কমিটি। অবশেষে আগামী ২৮ নভেম্বর আওয়ামী লীগের জেলা পর্যায়ের এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে তৈরি করা হচ্ছে মঞ্চ।
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত জেলা কাউন্সিলে ইলেকশন পদ্ধতি থাকছে না বলে দলের একাধিক সূত্রে জানা গেছে। তবে এবার সিলেকশন পদ্ধতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। তাই উৎসাহ নেই কাউন্সিলরদের মনে। সম্ভাব্য প্রার্থী কাউন্সিলরদের পরিবর্তে কেন্দ্রীয় নেতাদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন।
তৃণমূল পর্যায়ের নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন নেতা নেতারা বলেন, ‘কাউন্সিলে আমাদের ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হলে নেতাদের মধ্যে প্রতিযোগিতা থাকতো। আমাদের মধ্যেও উচ্ছ্বাস থাকতো। কিন্তু বর্তমানে পরিস্থিতিটা উল্টো। ইলেকশনের মাধ্যমে জেলা কমিটি গঠন করা হলে প্রার্থীদের কাছে আমাদের মূল্য থাকতো। প্রার্থীরা আমাদের কাছে আসতো। কিন্তু এখন পর্যন্ত কোন প্রার্থীই আমাদের কাছে আসেনি এমনকি মোবাইল ফোনেও খবর নেয়নি। তাতেই মনে হচ্ছে আমাদের ভোটের কোন দরকার নেই। কমিটি হবে সিলেকশনের মাধ্যমে। যেহেতু সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হবে, সেহেতু আমাদের করার কিছুও নেই আর আমাদের মধ্যে তেমন উৎসাহও নেই।
‘কাউন্সিলে যাবো দেখতে-কাকে আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হচ্ছে, শুধু সেটি দেখার জন্য। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চিন্তা-চেতনাকে মাথায় নিয়ে নতুন কমিটি ঘোষণা করবেন বলে আশায় বুক বেঁধে আছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।’
এদিকে কাউন্সিলের তারিখ ঘোষণার সাথে সাথে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শুভেচ্ছা জানিয়ে নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে পোস্ট করছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ৩ জনের নাম শোনা গেলেও সাধারণ সম্পাদক পদে ১০ জনের নাম শোনা যাচ্ছে।
সভাপতি পদে বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি, আবুল হাসান মাহমুদ আলী এমপি ও ফরিদুল ইসলাম। মোস্তাফিজুর রহমান সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, আবুল হাসান মাহমুদ আলী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফরিদুল ইমলাম জেলা কমিটির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
এদিকে সাধারণ সম্পাদক প্রার্থী হলেন- বর্তমান সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মির্জা আশফাক হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু, আলতাফুজ্জামান মিতা, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন ও তহিদুল হক সরকার।
আজিজুল ইমাম চৌধুরী দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মনোরঞ্জন শীল গোপাল জেলা কমিটির সহসভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি, শিবলী সাদিক সদ্য অনুষ্ঠিত হওয়া নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মির্জা আশফাক হোসেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান বাবু বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান, আলতাফুজ্জামান মিতা জেলা কমিটির সহসভাপতি, আবুল কালাম আজাদ জেলা কমিটির সহসভাপতি, দেলোয়ার হোসেন জেলা যুবলীগের সাবেক সভাপতি, তহিদুল হক সরকার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, এবার কাউন্সিলের কাউন্সিলর হিসেবে রয়েছেন ৪৭৭ জন। জনসংখ্যার ভিত্তিতে উপজেলা ভিত্তিক এই কাউন্সিলর নির্বাচিত করা হয়।
এ ক্ষেত্রে এবার প্রতি ১০ হাজার জনসংখ্যায় একজন কাউন্সিলর করা হয়েছে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী মো. হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকসহ কেন্দ্রীয় নেতারা।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী বলেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় বহু নেতা উপস্থিত থাকবেন।
ইতিমধ্যে কাউন্সিলের মঞ্চ তৈরি কাজ অনেকটা অগ্রগতি হয়েছে। শুক্রবার বিকেলে জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এমপিসহ আমরা মঞ্চ তৈরির কর্মযজ্ঞ পরিদর্শন করেছি। আমরা একটি সুন্দর কাউন্সিল উপহার দিতে চাই।
