হাকালুকি হাওরের মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ১৫টি পাখিসহ দুই শিকারিকে আটক করেছে এলাকাবাসী।
শনিবার (২৬ নভেম্বর) সকালে হাওরের বিভিন্ন এলাকায় অবাধে পাখি শিকারকালে পাখিসহ দুই শিকারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জুড়ির বেলাগাঁও গ্রামের মনতাজ আলীর ছেলে ছায়েব আলী ও মৃত আইয়ুব আলীর ছেলে মো. হোসেন। পরে এলাকাবাসীর উপস্থিতিতে তারা আর পাখি শিকার করবেন না মর্মে মুচলেকা নিয়ে শিকারিদের ছেড়ে দেন সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ।
জানা যায়, শনিবার সকালে হাওরে অবাধে পাখি শিকার করছিলেন স্থানীয় বাসিন্দা ছায়েব ও হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ এলাকাবাসীর সহায়তায় তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে বস্তায় মোড়ানো ১০টি পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়। সেইসঙ্গে আহত ৩টি পাখিকে চিকিৎসা দেওয়ার জন্য জুড়ি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয় ও মৃত দুটি পাখি মাটিচাপা দেয়া হয়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ বলেন, পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয় এবং আহত ৩টি পাখিকে চিকিৎসার জন্য প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে। পাখি শিকারিদের এলাকাবাসীর উপস্থিতিতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। পরে এলাকাবাসীর উপস্থিতে শিকার হওয়া পাখিগুলোকে অবমুক্ত করা হয়।
