আশুগঞ্জে বাণিজ্যিক উৎপাদনে ৪২০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎ ইউনিট

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১১:৪৮ এএম

'পাওয়ার হাব’ ঘোষিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নবনির্মিত কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এর ফলে প্রতিদিন উৎপাদন হবে ৪২০ মেগাওয়াট বিদ্যুৎ।

শনিবার দিনগত রাত থেকে জাতীয় গ্রিডে নতুন এই প্ল্যান্টটি ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে বলে জানান এর প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল মজিদ। গত দুই সপ্তাহ আগে (১৫ নভেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

তিনি জানান, এ নিয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানির ছয়টি ইউনিট থেকে বর্তমানে প্রতিদিন জাতীয় গ্রিডে ১২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে। কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে। নতুন এ প্ল্যান্টটি উৎপাদনে আসায় দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

এপিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০০৯ সালে আশুগঞ্জকে 'পাওয়ার হাব' ঘোষণা করে। আগামী ২০৩০ সালের মধ্যে এ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছয় হাজার মেগাওয়াটে উন্নীতকরণের কাজ শুরু করে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয় ১৮০.৩২৫ মিলিয়ন মার্কিন ডলার।

এমডি আরো জানান, চুক্তি অনুযায়ী ২০২০ সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা ছিল চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠানের। কিন্তু সারাবিশ্বে করোনাভাইরাস মহামারীর প্রভাবে এই প্রকল্পের কাজে স্থবিরতা নেমে আসে। পরে করোনার প্রকোপ কমে যাওয়ার পর কাজ পুনরায় শুরু করে চলতি বছরের ২০ জুন প্রকল্পটি থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত