নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুলের বিরুদ্ধে এমপি লিয়াকত হোসেন খোকার সই ও সিল জালিয়াতির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সকালে লিয়াকত হোসেন খোকার পক্ষে তার পিএস মাহমুদুল আনোয়ার হাফেজ মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বারদী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পদটি অবৈধ উপায়ে হাসিল করার জন্য বিবাদী লায়ন মাহবুবর রহমান বাবুল কতিপয় অজ্ঞাত ব্যক্তির যোগসাজশে বাদীর জাতীয় সংসদের লেটার হেড প্যাড, বাদীর সই ও সিল, বাদীর দপ্তরের ভুয়া স্মারক নম্বর এবং ভুয়া স্মারকে উল্লেখিত সকল বক্তব্য জাল করিয়া উক্ত জাল পত্রটিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উপস্থাপন করে প্রতারণা করেন।
বারদী হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের জন্য ১২ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। পরে ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের নীতিমালা ২০০৯ এর ২৩ (১) বিধি অনুযায়ী ৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরপর মাহবুবুর রহমান সভাপতি নির্বাচিত হন।
বারদী হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মাহবুবুর রহমানের বিরুদ্ধে আপত্তি জানিয়ে ৭ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দেন স্কুলটির সভাপতি পদপ্রার্থী মো. জাকির সরকার। সেখানে উল্লেখ করা হয়, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার ভুয়া সিল-সই সম্বলিত ডিও দিয়ে অনৈতিক উপায়ে তিনি সভাপতি হয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জানান, তিনি মাহবুবুর রহমানের পক্ষে কোনো প্রকার সুপারিশ করেননি। তিনি ভুয়া ডিও লেটার দিয়ে স্কুলের সভাপতি হয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
